১৫ আগস্টের আলোচিত হ্যাকারদের আইডি বন্ধ!
প্রতিবেশী দেশ ভারত থেকে ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দেওয়া হ্যাকারদের ইলেকট্রনিক আইডেনটিফিকেশন (আইডি) বন্ধ করে দিয়েছে ভারত সরকার। একটি বিশেষ সামাজিক মাধ্যমে ‘ইন্ডিয়ান সাইবার ফোর্স’ নামের ওই আইডি বন্ধ হওয়ার তথ্য এসেছে।
সেখানে বলা হয়েছে, ‘হ্যাকারদের গ্রুপটি স্থায়ীভাবে বন্ধ করেছে ভারতীয় সরকার। এখন আর কোনো দেশে সাইবার হামলা করা হবে না।’
তবে গ্রুপ বন্ধ হওয়ার অর্থ ঝুঁকিমুক্ত হওয়া নয়; এটা তাদের ভিন্ন কৌশল হতে পারে বলে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। এ কারণেই বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) আইডিটি বন্ধ হওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
এর আগে গত ৩১ জুলাই বাংলাদেশের সাইবার জগতের ওপর হামলার হুমকি দিয়েছিল ভারতীয় হ্যাকারদের একটি দল। তারা ১৫ আগস্ট সম্ভাব্য হামলার তারিখ উল্লেখ করেছিল। হুমকির পরিপ্রেক্ষিতে সরকারের সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতাও জারি করেছে।







